রামুতে গভীর রাতে মাটি চুরির সময় পাহাড়ধসে দুজনের মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১০-২১ ১১:১১:১১
কক্সবাজারে রামু উপজেলায় গভীর রাতে পাহাড় কেটে মাটি চুরির সময় মাটিধসে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত (২১ অক্টোবর) রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। তারা পরিবহন শ্রমিক।
খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।
ইউএনও প্রণয় চাকমা বলেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কয়েকদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল।
রামু থানা পুলিশের ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/নাজমুল/১১:১০/২১.২০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













