যুদ্ধক্ষেত্র থেকে ট্যাংক-গোলা রেখে পালালো ‍আর্মেনীয় বাহিনী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২১ ১৮:৩৯:৩৬


দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে । কারাবাখের জাবরাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর ৫৫৬ রেজিমেন্ট।

আজ বুধবার আজেরি সংবাদমাধ্যম আজভিশন জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাংক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবহন, গোলাবারুদ, রকেট লাঞ্চার, বিভিন্ন ধরনে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে যায়।

বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে।  এতে দেখা যায়, বেশ কিছু ট্যাংকের ধ্বংসাবশেষ।  রাতভর আজেরি বাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাংক রেখে পালিয়ে যায় আর্মেনীয় বাহিনী।

এ ব্যাপারে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার রাত থেকে আঘদারা, ফুজুলি, জাবরাইল এবং গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়।  এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী।  তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে।

সানবিডি/এনজে/৬:৩৮/১০.২১.২০২০