কমেছে আমদানি বাণিজ্য
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৪ ১৪:০৬:২৪
দেশের অভ্যন্তরীন অর্থনীতি যেভাবে বৃ্দ্ধি পাচ্ছে, সে তুলনায় বাড়ছে না আমদানি বাণিজ্য।শুধু তাই নয়, প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির এলসিও সেইভাবে খোলা হচ্ছে না। যদিও রফতানি আয় ও রেমিট্যান্সের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে ডলার ঠিকই আসছে। এতে দেশে বৈদেশিক মুদ্রার পরিমাণ বাড়লেও শিল্পায়ন হচ্ছে না। নতুন কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় নতুন করে কর্মসংস্থানও হচ্ছে না।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থনীতির সূচক সচল হচ্ছে, শুধু আমদানিতে প্রবৃদ্ধি হচ্ছে না। টানা কয়েক মাস ধরে আমদানিতে স্থবিরতা বিরাজ করছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) আমদানি হয়েছে এক হাজার ১৭৩ কোটি ৬০ লাখ ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪৩ শতাংশ কম। আগের বছরের প্রথম তিন মাসে আমদানি হয়েছিল এক হাজার ৩২৫ কোটি ২০ লাখ ডলারের পণ্য।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া প্রতিবেদনে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সব মিলিয়ে ৫০ হাজার ৬৫১ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ, যা ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ কম।
বাংলাদেশে ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর মাসে আমদানি ব্যয় কমেছে আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে ৭ দশমিক শুন্য ৪ শতাংশ। আগস্টে আমদানি ব্যয় কমেছে ৬ দশমিক ৬৮ শতাংশ। আর জুলাইতে কমেছে ১৯ দশমিক ৪২ শতাংশ।
সানবিডি/এনজে/২:০৫/১০.২৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














