মিশরের প্রতি পেট্রো-কেমিক্যাল শিল্প স্থাপনের অনুরোধ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৯:৫২:০২


মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংগঠন ওআইসির নেতৃত্বস্থানীয় দেশ মিশর।এই জন্য দেশটিকে আন্তর্জাতিক আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার (২৫ অক্টোবর) মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ সামসেলদিন সঙ্গে  বিদায়ী সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এই আহবান জানান।

এমন সময়ে মিশরের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মিশরের সমর্থন অব্যাহত থাকবে।

বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং এক্ষেত্রে দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। তিনি মিশরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। এছাড়া তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশিদের মিশর কাজে লাগাতে পারবে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

এ সময় ড. মোমেন বাংলাদেশে পেট্রো-কেমিক্যাল শিল্প স্থাপনের অনুরোধ করেন। এ বিষয়ে মিশর আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।

মিশরের রাষ্ট্রদূত বলেন, ‘সেদেশের আলেকজান্দ্রিয়া অথনৈতিক অঞ্চলে বাংলাদেশের দুজন বিনিয়োগকারী বিনিয়োগ করেছে।’ মিশরের পেঁয়াজ বাংলাদেশে রফতানি করা হচ্ছে বলে ওয়ালিদ আহমেদ সামসেলদিন উল্লেখ করেন।

সানবিডি/এনজে/৭:৫০/১০.২৫.২০২০