বিশ্বমানে উন্নীত করা হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৪:৩৮:৪৩


আর্ন্তজাতিক বিশ্বমানে উন্নীত করা হচ্ছে পাবনার মানসিক হাসপাতাল।সেই সঙ্গে মানসিক রোগের প্রকোপ বৃদ্ধির কারণে দেশে আরো দুটি মানসিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। সেজন্য ইতোমধ্যে যাবতীয় দিকনির্দেশনা দ্রুত প্রেরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৫৭ সালে পাবনার নিরিবিলি পরিবেশে ১১১ একর জমির ওপর ১০০ শয্যাবিশিষ্ট পাবনার মানসিক হাসপাতালটি নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় পরে পর্যায়ক্রমে ৩৫০ শয্যায় উন্নীত করা হয়। এতেও রোগী ভর্তির চাপ থাকলে ১৫০ শয্যা পেয়িং বেড সংযুক্ত করে ৫০০ বেডে উন্নীত করা হয়। কিন্তু দেশে সিংহভাগ গরিব রোগী থাকায় নন-পেয়িং বেড পরিপূর্ণ থাকলেও পেয়িং বেড সর্বদাই কিছু খালি থাকে। ফলে নন-পেয়িং বেড আরো বাড়ানোর জন্য বিভিন্ন সময় সেবাগ্রহীতা ও সাধারণ জনগণের দাবি থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি।

পাবনার আধুনিক মানের হাসপাতালটিতে মানসিক রোগী এবং মানসিক স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে। এখানে আধুনিক মানের ওয়ার্ড, রোগী পুনর্বাসন সেন্টার, বৃত্তিমূলক সেন্টার, মিউজিক্যাল থেরাপি, চিত্রাঙ্কন সেন্টার, হাফওয়ে হাউজ, চাইল্ড সাইকিয়াট্রি, অটিজম সেন্টার, সার্বক্ষণিক জরুরি বিভাগ, অ্যামুজমেন্ট সেন্টার, গার্ডেনিং, সুইমিং, ক্যাটল ফার্মি, সাইকিয়াট্রিক ট্রেনিং সেন্টার, আধুনিক প্যাথলজি বিভাগ, অর্গানোগ্রাম, লন্ড্রি প্লান্ট, আধুনিক স্টোর ভবন, আধুনিক প্রশাসনিক ভবন, বহির্বিভাগ, যানবাহন সুযোগ-সুবিধা, আধুনিক ডরমিটরি, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সেন্টার, সাইকিয়াট্রি বিশেষজ্ঞ সৃষ্টির জন্য এমফিল, এসসিপিএস, এমডি ইত্যাদি কোর্স চালু, প্লে গ্রাউন্ড, ওয়াকওয়েসহ বিশ্বমানের অত্যাধুনিক হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সানবিডি/এনজে/২:৩৮/১০.২৭.২০২০