ফ্রান্সে ধর্মযাজকের বুকে সরাসরি গুলি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০১ ১০:৪১:১২


ফ্রান্সের লিওন শহরের এক ধর্মযাজক চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, হামলার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ।

সানবিডি/নাজমুল/১০:৪১/০১.১১.২০২০