‘ভালোবেসো না ঠকে যাবে’ বলে লাইভে এসে আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-০৫ ১০:০৬:১৫
প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেটের আলমপুরে মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি গতবছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।
আত্মহত্যা করার আগে প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আলহাজ উদ্দিন। এতে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!’
ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করতে তার ফেসবুক বন্ধুদের হৃদয়গ্রাহী কমেন্ট করতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমজনিত কারণে আলহাজ উদ্দিন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে।
সানবিডি/নাজমুল/১০:০৬/০৫.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













