পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ উদ্ভাবনে সহায়তা করবে সরকার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৭ ২০:০৩:৩৬
দেশে পলিথিন ব্যাগের বহুল ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।তিনি বলেন এজন্য পলিথিনের বিকল্প পাটের ব্যাগ উদ্ভাবনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য দেশীয় উদ্ভাবকরা এগিয়ে আসলে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এসময় তিনি বলেন, বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে ক্ষতিকর পলিথিনের ব্যাগের পরিবর্তে পাট ও চটের ব্যাগ ব্যবহার করতে হবে।
আজ শনিবার (৭ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সারাদেশে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন ধরনের জনস্বার্থমূলক জলবায়ুসহিষ্ণু প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বড়লেখা পৌর এলাকায় সৌরবাতি স্থাপনের জন্য দুই কোটি টাকা এবং জুড়ী পর্যন্ত বিভিন্ন বাজার আলোকিত করার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের সকল অসহায়, দুস্থ মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। যার অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রায় ২৬ হাজার পরিবারকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে।
সানবিডি/এনজে/৭:৫৯/১১.৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














