রোহিঙ্গাদের ছাড়াই মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৮ ১৪:২৩:১৫


মিয়ানমারের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ‍আজ ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব।বিগত নব্বইয়ের দশকে শুরু হওয়া সামরিক শাসনের পর এটিই দেশটির দ্বিতীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন।

তবে দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের মতো বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ বা প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন না। ধারণা করা হচ্ছে, ২০১৫ সালের মতো এবারও অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবেন।

তবে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়া এবং মিয়ানমার ব্যতীত ভিনদেশের নাগরিকত্ব থাকা সন্তানের অভিভাবক হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না সুচি। ২০১৫ সালেও নির্বাচনে বিজয়ী সুচি দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি। মিয়ানমারের অবিসংবাদিত এই নেত্রী হয়েছেন ‘স্টেট কাউন্সিলর’।

নির্বাচনে বিজয়ী হতে হলে দুই কক্ষবিশিষ্ট দেশটির সংসদের হাউস অব রিপ্রেজেন্টেটিভে কমপক্ষে ২২১টি আসন এবং হাউস অব ন্যাশনালিটিস এ কমপক্ষে ১১৩টি আসন জয় করতে হবে। কোনো রাজনৈতিক দল এককভাবে অথবা একাধিক রাজনৈতিক দল যুগ্মভাবে এই আসনগুলো পেলে যুক্ত সরকার গঠন করতে পারবে।

সানবিডি/এনজে/২:২২/১১.০৮.২০২০