চকলেটের চালানে ২ কোটি টাকার শাড়ি জব্দ!

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-১১ ১৬:১১:২৯


 

আমদানিকৃত চকলেটের চালানের ভেতর থেকে ২ কোটি টাকার উন্নত মানের এক ট্রাক ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার ১০ নভেম্বর কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত কোম্পানির লাইসেন্স বাতিল করেছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাজারের আমদানি কারক ওই প্রতিষ্ঠান ভারত থেকে ২০২ প্যাকেজের ১ ট্রাক চকলেট ও অন্যন্য রকমারি পণ্য আমদানি করেন, যার মেনিফেস্ট নাম্বার ২৩৬১৬। পণ্যচালানটি খালাসের লক্ষ্যে কোম্পানিটি কাস্টমস হাউসে ডকুমেন্টস সাবমিট করেন। যার কাস্টমস বি/ই নাম্বার -৪৬৫৭৯ ।

কাস্টমস এর ডেপুটি কমিশনার বিলাল হোসেন জানান, চকলেট শিশুদের খাদ্য হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ খাদ্যের গুণগত মান নির্ণয়ের জন্য বিএসটিআই অফিসে নমুনা পাঠান। চকলেটের গুণগত মান নির্ণয়ের প্রত্যয়ন পত্র আসতে ১০ দিন সময় লাগবে বিধায় সেই কোম্পানি রাজস্ব পরিশোধ করে টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত পণ্যটি বন্দরে রেখে বাকি পণ্য খালাশ নেয়ার জন্য কমিশনার বরাবর আবেদন করে। ৭৪ কার্টুন চকলেট রেখে বাকি পণ্য খালাশ নিয়ে যায় আমদানিকারক।

চকলেটের টেস্ট রিপোর্ট আসার পর গতকাল তা বন্দর থেকে খালাস নেয় কোম্পানিটি। ডিসি জানান, চকলেটের কার্টুনের ভেতর কাতান শাড়ী রিপ্যাকিং করে ৫০ কার্টুন শাড়ি কৌশলে বন্দরের বাইরে থেকে ট্রাকে লোড করে ঢাকায় যাওয়ার সময় বেনাপোল বাজার থেকে ঢাকা মে: -অ-১১-২৮৫৩ নাম্বারের ট্রাকটি আটক করে বিজিবি সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি করে ২ কোটি টাকার উন্নত মানের শাড়ি জব্দ করে বিজিবি। পরে ট্রাকসহ শাড়ির চালানটি বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, সিএন্ডএফ এজেন্ট মুক্তি এন্টারপ্রাইজ কৌশলে চুরি করে চকলেটের কার্টুনের পরিবর্তে বন্দরের বাইরে রাস্তা থেকে শাড়ীর কার্টুন ট্রাকে পুনরায় লোড করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বিজিবি ট্রাকটি আটক করে । এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।

সানবিডি/নাজমুল/০৪:১১/১১.১১.২০২০