ভূখন্ড হস্তান্তরে আর্মেনিয়াকে আরও সময় দিল আজারবাইজান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১৪:১৮:৩১
যুদ্ধ চলাকালীন চুক্তি অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধে নাগোরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছে আজারবাইজান।
রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তিচুক্তি অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। খবর ইয়েনিসাফাকের।
গত তিন দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিলেন। সম্প্রতি দুই দেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।
এ বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ রোববার বাকুতে বলেন, আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ।
সানবিডি/এনজে/২:১৬/১১.১৬.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














