বাহরাইনে ভোগ্যপণ্য রফতানির পরিকল্পনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১৪:৪৪:৪৯


মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বেশিরভাগ ভোগ্যপণ্য আমদানি করে চীন, ভারত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু মহামারি করেনার কারণে বেইজিং ও দিল্লি থেকে আমদানি কিছুটা বিঘ্নিত হয়েছে এবং এর সুযোগ নিতে চায় বাংলাদেশ।

এ বিষয়ে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নজরুল ইসলাম বলেন, ‘কয়েকটি রিটেইলার ও সুপার মার্কেট যেমন—লুলু হাইপার মার্কেট বা কারেফোর এখানকার বেশিরভাগ ভোগ্যপণ্য আমদানি করে। বাংলাদেশের পণ্য তাদের কাছে উপস্থাপন করা হলে তারা এগুলো কিনতে আগ্রহী হবে।’

বাহরাইনে কৃষিজাত পণ্য, সিরামিক, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ অন্যান্য জিনিসের চাহিদা আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে মিশনের মাধ্যমে লুলু হাইপার মার্কেটের সঙ্গে বাংলাদেশের ১২টি বড় কোম্পানির বৈঠক করিয়ে দিয়েছি, যাতে করে বাহরাইনে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধি পায়।’

শাইনপুকুর সিরামিকস, প্রাণ, হাতিল, হামিম গার্মেন্টস-সহ মোট ১২টি কোম্পানির প্রাথমিক পরিচিতি ভালো হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘মাঠ পর্যায়ে যারা আমদানি করবে এবং যারা রফতানি করবে তাদের মধ্যে ম্যাচমেকার হিসাবে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।’

এছাড়া বাংলাদেশের এফবিসিসিআই ও বাহরাইন চেম্বার অব কমার্সের মধ্যেও একটি ভার্চুয়াল বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে রাষ্ট্রদূত জানান।

সানবিডি/এনজে/২:৪৪/১১.১৬.২০২০