শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৮ ১১:৩৫:২৯


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় ফুরিয়ে আসছে। আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন।

বিদায়ী প্রেসিডেন্ট হিসেবেও ট্রাম্প নিজের অবস্থান ধরে রেখে আরও এক কর্মকর্তাকে বরখাস্ত করে বিতর্কের জন্মদিলেন। সম্প্রতি মার্কিন নির্বাচন বিষয়ক এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচনের পর থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন ট্রাম্প। কোনভাবেই তিনি জো বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণা দিতে নারাজ।

কিন্তু তার সঙ্গে নির্বাচনী কর্মকর্তারা একমত হতে পারেননি। তার ভোট জালিয়াতির অভিযোগের বিরোধিতা করায় বরখাস্ত হয়েছেন ক্রিস ক্রেবস। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের অখণ্ডতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করেছিলেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাসট্রাকচার সিকিউরিটি এজেন্সি (এসআইএসএ) প্রধান ক্রিস ক্রেবস। সে কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর থেকেই ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছেন ট্রাম্প। এই নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন বাইডেন। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।

সানবিডি/নাজমুল/১১:৩৫/১৮.১১.২০২০