২৮ বছর পর দখলমুক্ত ভূমিতে ফিরতে উন্মুখ আজেরিরা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৮ ১৮:৫৫:২৩
আর্মেনিয়ার দখলে থাকা কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর মুক্ত করেছে আজারবাইজানি সেনাবাহিনী। ভয়াবহ যুদ্ধের মাধ্যমে দখলমুক্ত সেই পৈত্রিক ভূমিতে ২৮ বছর পর ফেরার স্বপ্নে বিভোর আজারবাইজানিরা। ১০ নভেম্বর রাশিয়ার সঙ্গে আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তি চুক্তি হয়। এরপরই নিজেদের ভূমিতে বাকুর নাগরিকদের ফিরতে সময়ের ব্যাপার বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।
এ বিষয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, আপার কারাবাখের শুশা শহরটি ভৌগলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত হলেও এর রক্তাক্ত ইতিহাস রয়েছে।
১৯৯২ সালে নাগোরনো-কারাবাখ যুদ্ধে হাজার হাজার আজারবাইজানি তাদের বসিত হারিয়েছিল। সে সময় জাতিগত আর্মেনীয়রা শুশা শহরটি দখল করে নেয়। যদিও চুক্তির পর আর্মেনীয়রা এই শহরটি ছেড়ে যাচ্ছে। তবে যাওয়ার আগে তাদের বসতিতে আগুন লাগিয়ে দিচ্ছে; যাতে আজারবাইজানিরা আগের বাসস্থান ব্যবহার করতে না পারে।
সম্প্রতি নাগোরনো-কারাবাখ নিয়ে ছয় সপ্তাহের বেশি চলা যুদ্ধ বন্ধে ১০ নভেম্বর আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। চুক্তির অনুযায়ী নাগোরনো-কারাবাখ ও আর্মেনিয়া-আজারবাইজান করিডোরে দায়িত্ব পালন করবে রাশিয়ান শান্তিরক্ষীরা।
মোট ১৯৬০ রাশিয়ান শান্তিরক্ষী মোতায়েন করা হবে বিরোধীয় অঞ্চলটিতে। পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।
সানবিডি/এনজে/৬:৫৩/১১.১৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














