অপহরণের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-১৯ ১৫:৩৬:৩৪


অপহরণের ৬ দিন পর নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী (১৬) কে রাজবাড়ী থানা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওই ছাত্রীর মা জানান, মাদ্রসায় যাওয়া আসার পথে তার মেয়েকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহ আলম বেপারির ছেলে মোঃ সোহান বেপারি (৩২) কু-প্রস্তাব দিতো। বিষয়টি তার মেয়ে তাকে অবহিত করে। তারা তা সোহানের পরিবারের সদস্যদের অবহিত করে। এতে সোহান ক্ষিপ্ত হয়। এর প্রতিক্রিয়া স্বরূপ গত ১২ নভেম্বর তার মেয়ে পরীক্ষার খাতা আনতে বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। সে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া পৌছলে সোহানের নেতৃত্বে মাইক্রোবাসে আসা একদল দূরবৃত্ত তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার ৩ নং আসামি ও রাজবাড়ীর উপজেলার কল্যানপুরের মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ রায়হান খানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে সোহানের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সানবিডি/নাজমুল/০৩:৩৬/১৯.১১.২০২০