সৌদি বাদশাহ ও এরদোগানের মধ্যে ফোনালাপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২১ ২১:৩৭:৩০
চলমান সংকট কাটিয়ে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মধ্যে ফোনালাপ হয়েছে।
আজ শনি ও রোববার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। এ সম্মেলন শুরুর আগের দিন শুক্রবার বিকালে সম্পর্ক ও মতবিনিময় করতে ফোন করা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। তুরস্ক ও সৌদি আরব উভয়ই জি-২০ জোটের সদস্য।
এ বিষয়ে আলজাজিরা জানিয়েছে, ফোনালাপে এরদোগান ও সালমান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও কয়েক বছর ধরে চলা দুই দেশের মধ্যকার বিভিন্ন মতানৈক্য দূর করার বিষয়ে একমত পোষণ করেন।
সৌদির পক্ষ থেকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য তুরস্ককে অনুরোধ করা হয়। এতে সাড়া দিয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে বক্তব্য দেন এরদোগান।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি-তুরস্ক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। একাধিক ইস্যুতে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ দুটির অবস্থা একেবারে বিপরীত মেরুতে। এমনকি সৌদি আরব তুরস্কের পণ্যের ওপর অলিখিত বয়কট জারি করে রেখেছে। তুরস্কে ভ্রমণে যেতেও নাগরিকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
দেশটির সুপারশপগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে তুর্কি পণ্য। এছাড়া তুরস্কের পণ্য আমদানির ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
সানবিডি/এনজে/৯:৩৫/১১.২১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














