কাবুলে দফায় দফায় রকেট হামলায় নিহত ৮
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৫:৫২:২২
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ রকেট হামলার ঘটনায় কমপক্ষে আট বেসামরিক ব্যক্তি নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন। শনিবার সকালে কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে ওই হামলা চালানো হয়। এ সময় অন্তত ২৩টি রকেট নিক্ষেপ করা হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। খবর আল জাজিরা।
কাবুলের ওই গ্রিন জোনে বিভিন্ন দেশের দূতাবাস ও ব্যবসাপ্রতিষ্ঠান অবস্থিত। ডজনখানেক আন্তর্জাতিক কোম্পানি ও তাদের কর্মীদের বসবাস ওই অঞ্চলে। তাই এলাকাটির নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া রাখা হয়। তার পরও গত কয়েক মাসে গ্রিন জোন ও এর আশপাশে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, সন্ত্রাসীরা এসব হামলা চালিয়েছে। একটি ছোট ট্রাক থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। কীভাবে ট্রাকটি শহরে প্রবেশ করল, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সানবিডি/এনজে/৩:৫১/১১.২২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














