প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মতবিনিময় সভার আয়োজন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৩ ১৮:২৯:০৪
মহামারি করোনকালীন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একাধিক মতবিনিময় সভার আয়োজন করবে অর্থ বিভাগ।
আজ সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর। সভার প্রতিপাদ্য—‘কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
দ্বিতীয় মতবিনিময় সভার প্রতিপাদ্য—‘সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আগামী ৩ ডিসেম্বর দ্বিতীয় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
সর্বশেষ তৃতীয় মতবিনিময় সভাটি হবে ১০ ডিসেম্বর। তৃতীয় মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন’। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সানবিডি/এনজে/৬:২৭/১১.২৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














