ত্রাণবাহী জাহাজে জার্মানির তল্লাশি,তুরস্কের প্রতিবাদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৭:০৫:০৮


ভূমধ্যসাগর হয়ে লিবিয়া গমনকালে তুরস্কের একটি ত্রাণবাহী বাণিজ্যিক জাহাজে তল্লাশি করার প্রতিবাদ জানিয়েছে আঙ্কারা।

এ বিষয়ে জানতে তুরস্কে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্ক সোমবার প্রথমে অভিযোগ করে, জার্মান নৌবাহিনীর সদস্যরা তুরস্কের বাণিজ্যিক জাহাজ ‘রোজেলিন’-এ অবৈধভাবে অনুপ্রবেশ করে এটিতে তল্লাশি চালিয়েছে। এর কয়েক ঘণ্টা পর ওই তিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গ্রিসের পেলোপোনিস উপত্যকার কাছে দেশটির জাহাজে যে তল্লাশি চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। কারণ আন্তর্জাতিক পানিসীমায় এ ধরনের তল্লাশি চালানোর কোনো অধিকার কারও নেই।

সানবিডি/এনজে/৫:০৪/১১.২৪.২০২০