মসজিদে জুমা নামাজের অনুমতি দিচ্ছে আমিরাত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ১৪:৫০:২০
মহামারি করোনভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দীর্ঘদিন বন্ধ থাকার পর জুমার নামাজের জন্য আবারও মসজিদ খুলে দিচ্ছে আরব আমিরাত।আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে। মঙ্গলবার দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ঘোষণায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানায়।
মহামারির কারণে গত জুলাই থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও জুমার নামাজ বন্ধ ছিল।
জুমার নামাজের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণায় আমিরাতে জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সাইফ আল ধাহেরি বলেন, শুক্রবার জুমার নামাজের ৩০ মিনিট আগে মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পর মসজিদ আবার বন্ধ করে দেয়া হবে।
এক ঘোষণায় বলা হয়েছে, সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করে দরজার হাতল ধরতে পারবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে হবে।
সানবিডি/এনজে/২:৪০/১১.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














