চট্টগ্রাম বন্দরকে গ্রিন পোর্ট বানাতে সহায়তার আগ্রহ ডেনমার্কের

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৬ ১৬:৪৪:০২


বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব।এ থেকে রক্ষা পেতে পানি শোধন, বর্জ্য ও বিষাক্ত পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ডেনমার্ক।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইননি এসট্রাপ পিটারসন।

এই আলোচনার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে গ্রিন পোর্টে পরিণত করার বিষয়ে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জন, প্রতিবেশ রক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে ডেনমার্ক।’ এসময় তিনি জ্বালানি দক্ষতা অর্জন, কৃষিসহ অন্যান্য সব ক্ষেত্রে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তাবায়নে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব করেন।

জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘স্বাধীনতার পর থেকেই ডেনমার্ক বাংলাদেশকে অব্যাহত সমর্থন জুগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।’

সানবিডি/এনজে/৪:৩৮/১১.২৭.২০২০