তুরস্কে সেনাকর্মকর্তাসহ ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৬ ২০:২৯:১২
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দায়ে দেশটির সেনা কর্মকর্তাসহ ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত এ রায় ঘোষণা করে।
২০১৬ সালে ১৫ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে রাজধানী আঙ্কারার কাছের একটি বিমান ঘাঁটি থেকে উৎখাতের চেষ্টা শুরু হয়।
এ ঘটনায় বিমানবাহিনী ও সেনাবাহিনীর কমান্ডারসহ ৫০০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিল। খবর-বিবিসি।
এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য আঙ্কারা যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ধর্মগুরু ও ব্যবসায়ী ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে।
ওই সময় যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ট্যাংক নামিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দখলের চেষ্টা করা হয়। সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আড়াই শতাধিক মানুষ।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্তত ২৫ জন এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট রয়েছেন। বিমানবাহিনীর প্রাক্তন কমান্ডার আকিন ওজতার্কসহ অন্যান্যদের বিরুদ্ধে অভ্যুত্থান ও পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ক্রমবর্ধমান যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে এই দণ্ডপ্রাপ্তরা প্যারোল সুবিধা পাবেন না।
সানবিডি/এনজে/৮:২৫/১১.২৬.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














