ঢাকা সফরে আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১৭:৪৬:৩৭
ঢাকা সফরে আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।একদিনের ঝটিকা সফরে ওয়েই এখন নেপালে অবস্থান করছেন। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফরে করবেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
এ বিষয়ে কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।
চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই দিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর পরই ঝটিকা কাঠমান্ডু সফর করছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।
সূত্রের বরাতে নেপালের এই দৈনিক তাদের অনলাইন প্রতিবেদনে আরও জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। তবে তাতে সূত্রের নাম উল্লেখ করা হয়নি।
গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের নেপাল সফরের পর এই প্রথম চীন সরকারের উচ্চ পর্যায়ের কেউ জরুরি প্রয়োজনে কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সানবিডি/এনজে/৫:৪৬/১১.২৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














