ছোট ব্যবসায়ীরা যেন প্রণোদনা প্যাকেজ থেকে বঞ্চিত না হন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৯ ১৮:৫০:০৪
সরকার যে সকল নীতিগত ও আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন সেগুলো থেকে যেন কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত না হন, সে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন
আজ রবিবার (২৯ নভেম্বর) ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্পনীতির সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এই ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমান।
এ সময় নূরুল মজিদ হুমায়ুন বলেন, ‘অর্থনীতির শিল্প খাতের অধিকাংশ উদ্যোক্তারাই কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে অর্ন্তভুক্ত। এদের উন্নয়ন করা গেলেই দেশে কর্মসংস্থান বাড়বে, অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ বাড়বে এবং সচল হবে দেশের অর্থনীতি।’
এ সময় মন্ত্রী জানান,সরকারি প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকা সিএমএসই খাতের জন্য বরাদ্দ দেওয়া হলেও ১৫ অক্টোবর পর্যন্ত বরাদ্দ ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৭০ কোটি টাকা, যা এ খাতে ঘোষিত মোট প্রণোদনার ৩৫.৩৫%। যেখানে তৈরি পোশাক ছাড়া প্রায় সব শিল্প খাতে প্রণোদনা বণ্টনে ব্যাংকগুলো পিছিয়ে রয়েছে। সরকারের ঘোষিত নীতিগত ও আর্থিক প্রণোদনা প্যাকেজ থেকে যেন কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত না হন, সে বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
সানবিডি/এনজে/৬:৫০/১১.২৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














