বিশ্বে ৪০ শতাংশ হতদরিদ্র বেড়েছে করোনায়: জাতিসংঘ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০২ ১৪:২৪:৩৮


চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ‍মহামারি করোনাভাইরাসের কারনে বিশ্বজুড়ে হতদরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এর প্রভাবে আগামী বছর সাড়ে ২৩ কোটি মানুষের জরুরি মানবিক সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি। খবর ডয়েচে ভেলের।

এ জন্য জাতিসংঘের প্রয়োজন সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার।  মঙ্গলবার জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান কর্মকর্তা মার্ক লোকক এ তথ্য জানান।

এ বিষয়ে তিনি বলেন, আগামী বছর যাদের মানবিক সাহায্যের প্রয়োজন পড়বে তারা সবাই যদি একটি দেশে বাস করতেন তা হলে সেটি বিশ্বের পঞ্চম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হতো।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রায় সাড়ে ২৩ কোটি মানুষকে ক্ষুধা, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে।

তিনি জানান, এ বছর দাতা দেশগুলো রেকর্ড ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার দান করেছে, যা দিয়ে নির্ধারিত লক্ষ্যের প্রায় ৭০ শতাংশ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।

সানবিডি/এনজে/২:২৫/০২.১২.২০২০