রাজবাড়ীতে ‘নো মাস্ক-নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছেনা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০২ ১৬:০৯:৫৯
রাকিবুল ইসলাম রাফি: মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও রাজবাড়ীর সিংহভাগ মানুষ তা মানছেননা। অফিস, আদালত, থানা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘নো মাস্ক -নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছেনা। নিরাপদ সামাজিক দূরত্বসহ কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছেনা।
সরেজমিনে রাজবাড়ী শহরে দেখা যায় বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছেন না। শহরতলি থেকে গ্রামগুলোতে বলতে গেলে কেউ মাস্ক ব্যবহার করেন না। এ বিষয়ে কয়েকজন ব্যক্তি জানান, শহরাঞ্চলে স্বাস্থ্য সচেতন বা আইন শৃংখলা বাহিনীর ভয়ে মাস্ক ব্যবহার করলেও শহরতলি থেকে গ্রাম গুলোর হাট বাজারে একবোরেই মাস্কের ব্যবহার নেই। একারণে করোনা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে শীত শুরুর প্রাক্কালে প্রত্যকেরই সচেতন হওয়া উচিৎ বলে তারা মনে করেন।
অপরদিকে জনবহুল রাজবাড়ী বড় বাজার ও পাংশা বাজারে গিয়ে দেখা যায়, শতকরা ৯০ জন মানুষের মুখেই মাক্স নেই। বরং নিয়মের তোয়াক্কা না করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসিভাবে বেচাকেনা করতে দেখা গেছে। অনেকের মতে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এদিকে করোনা রোগের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের আগ্রহও কমে যাচ্ছে।
মানুষের মধ্যে বিশ্ব ব্যাধি করোনা সম্পর্কে সচেতনতা লোপ পাচ্ছে। গ্রামগঞ্জে তো আরও করুন অবস্থা। অধিকাংশ মানুষই বর্তমান করোনার ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জনগণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে নো মাস্ক নো সার্ভিষ চালু করা হয়েছে। এছাড়া ভ্যাম্যশান আদালতের মাধ্যমে জরিমানা আদায়সহ জনগণকে সচেতন করার কাজ অব্যাহত রয়েছে।
সানবিডি/নাজমুল/০৪:০৮/০২.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













