কৃষকদের সমর্থন জানালো ভারতের পরিবহন শ্রমিকরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০২ ২০:৫৭:৪৫
ভারতে চলমান তীব্র কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছে দেশটির পরিবহন শ্রমিকরা।আজ বুধবার অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে, যদি সরকার কৃষকদের দাবি মেনে না নেয়, তাহলে প্রথমে উত্তর ভারত এবং পরবর্তীকালে পুরো দেশ জুড়ে প্রয়োজনীয় পণ্য চলাচল বন্ধ করে দেয়া হবে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
এই সংগঠনের সভাপতি কুলতারান সিং আতওয়াল জানিয়েছেন, সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস হয়েছে, সেগুলো নিয়ে কৃষকদের সঙ্গে কোনো সমাধান না হলে তারা রাস্তায় নামবেন। এই সংগঠন প্রায় এক কোটি ট্রাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
চলমান এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। পাঞ্জাব ও হরিয়ানা থেকে আরও কৃষক এই অবরোধে যোগ দিতে ইতোমধ্যে রওনা দিয়েছে। দিল্লি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভারত সরকারের তিন মন্ত্রী কৃষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসে। তবে সেই আলোচনাও ব্যর্থ হয়েছে।
সানবিডি/এনজে/৮:৫৪/০২.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














