ভারতের ১৭ জেলে বাগেরহাটের কারাগারে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১২-০৩ ১৬:০৫:৫৪
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশকরে মাছ ধরার সময় আটক ভারতীয় ১৭ জেলেকে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ভারতীয় ১৭ নাগরিককে আটক করে কোস্টগার্ড। আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
ফিশিং ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ চুরির অপরাধে আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সানবিডি/নাজমুল/০৪:০৫/০৩.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













