আর্থিক নিরাপত্তা দিতে না পারলে বিকাশ বন্ধের দাবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৫ ১৭:০০:১৬
সকল গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ বন্ধের দাবি করেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বিকাশ গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ ও বিকাশের আয়-ব্যয়ের অডিট প্রকাশের দাবিতে আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
তাদের দাবিগুলো হচ্ছে বিকাশের গ্রাহকদের অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রকে দ্রত গ্রেফতার করতে হবে। গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত সব দায়ভার মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে। গ্রাহকদের সচেতনতার জন্য ব্যাপক পরিমাণ সচেতনমূলক প্রচারণা কার্যক্রম এমএফ.এস প্রতিষ্ঠানগুলোকে করতে হবে। রিটেইলারদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। বিকাশের আয়-ব্যয়ের নিরপেক্ষ অডিট সম্পাদন করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। কারণ সর্বোচ্চ চার্জ নেওয়ার পর এই প্রতিষ্ঠান লোকসানে থাকার কথা নয়।
এ বিষয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রাহককে নিরাপত্তা দেওয়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের অন্যতম শর্ত। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে গ্রাহকদের নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকেই করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে, দেশের প্রায় ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ৫ কোটি গ্রাহক নিয়ে বিকাশ সেবা প্রদান করলে এ প্রতিষ্ঠানের সেবা নেওয়া গ্রাহকরা প্রতিনিয়ত অসাধু প্রতারকদের হাতে প্রতারিত হচ্ছে। এ প্রতারণার হাত থেকে রক্ষা পায়নি, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অতি সাধারণ গ্রাহকরা।’
তিনি বলেন, ‘বিকাশ কর্তপক্ষ দায়সারা গোছের বিজ্ঞাপন প্রচার করেই ক্ষ্যান্ত হচ্ছেন। আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোনো গ্রাহক তার কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেয়েছে এমন নজির দেখা যায়নি। তাই গ্রাহকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় বিকাশ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে এড়াতে পারে না।’
সানবিডি/এনজে/৫:০০/০৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














