চট্টগ্রামে লবণ শিল্পনগরী প্রতিষ্ঠা করবে বিসিক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৬ ১৭:০০:০৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামী ২০৪১ সালে দেশকে একটি শিল্পোন্নত দেশ হিসেবে গঠনের লক্ষ্যে লবণ শিল্প মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে এবং শিল্পমন্ত্রীর নির্দেশক্রমে চট্টগ্রামে লবণ শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি।

শনিবার দুপুরে বিসিক কর্তৃক বাস্তবায়নাধীন সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরি কার্যক্রমের মাধ্যমে আয়োডিনের ঘাটতি পূরণ (সিআইডিডি) প্রকল্প ও নিউট্রেশন ইন্টারন্যাশনালের (এনআই) যৌথ উদ্যোগে চট্টগ্রাম লবণ জোনের লবণ মিল মালিকদের সঙ্গে অর্ধবার্ষিক পর্যালোচনা সভায় তিনি একথা জানান। চট্টগ্রামের আগ্রাবাদের দ্য ভিলেজ হোটেলে পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সভায় বিসিক চেয়ারম্যান বলেন, লবণ মিল মালিকরা যদি তাদের প্লটের চাহিদা নিরূপণ করে বিসিক কর্তৃপক্ষকে সরবরাহ করেন, তবে বিসিক কর্তৃপক্ষ সম্ভাব্যতা যাচাই করে লবণ মিল মালিকদের জন্য চট্টগ্রামে আলাদা একটি লবণ শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।

মো. মোশতাক হাসান, এনডিসি আরো বলেন,মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি ও লবণ মিল মালিকদের ক্ষতির কথা বিবেচনা করে আগামী জানুয়ারি থেকে লবণ মিল মালিকদের কাছ থেকে পটাশিয়াম আয়োডেটের মূল্য প্রতি কেজিতে ৫০০ টাকা করে কম রাখা হবে। পটাশিয়াম আয়োডেট প্রতি কেজি ৩ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

সানবিডি/এনজে/৫:০০/০৬.১২.২০২০