সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৯:১০:১৬


সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহদের মধ্যে হবিগঞ্জে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় ১ জন, ভোলায় ২, সুনামগঞ্জে ১জন মারা যায়। নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল এলাকায় বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী বিআরটিএ পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শিমুল মোহাম্মদ পলাশ  বলেন, আমরা ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে একজন নারী। গাড়ির ভেতরে আটকে থাকা আরও দুইটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলম চন্দ্র কর্মকার  জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কমিউটার ট্রেনের ধাক্কায় নাসির নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কসবা ইউনিয়নের যাদুপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বকুলের ছেলে নাসির (২৪)। নাচোল উপজেলার কসবা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান জানান, সোমবার সকালে রাজশাহী থেকে আসা রহনপুরগামী কমিউটার ট্রেন কসবা ইউপির যাদুপুর রেলক্রসিং পৌঁছালে ট্রেনের সঙ্গে ট্যাক্টরটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টর চালক ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, জিআরপিকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে ।
ভোলা প্রতিনিধি
ভোলায় বাসচাপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। এ সময় ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। গতকাল সোমবারসকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভোলা সদর উপজেলার সীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম (৪০) ও বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলা জয় শিকদার (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন, আবুল কালাম বাচ্চু (৫০), তামান্না আক্তার (২০) ও টুম্পা রানী (৩০)। স্থানীয়রা জানান, ইলিশা ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে ভোলায় আসছিল সিএনজিটি। এ সময় ভোলা থেকে যাত্রী নিয়ে ইলিশা ফেরিঘাট যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পরে ইলিশা ব্যারিস্টার কাঁচারি এলাকায় সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম নিহত হন। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ভোলা সদরে নেয়ার পথে জয় শিকদার নামে আরও একজনের মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় ওই সড়ক অবরোধ করে দুইটি বাস ভাঙচুর ও দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সুজন মাঝি। ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আরমান হোসেন সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ট্রলির চাপায় রাসেল মিয়া (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বিয়ানিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আলী হায়দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রাসেল মিয়া দোয়ারাবাজার থেকে মোটরসাইকেলে পান্ডারগাঁও আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় রাসেল ঘটনাস্থলেই মারা যান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।