বেজাতে কারখানা করবে ম্যাকসন্স গ্রুপের তিন প্রতিষ্ঠান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৮ ০৯:৪৯:২৬


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে ৩০ একর জমি নিবে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ম্যাকসন্স গ্রুপ। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (মিরসরাই, ফেনী এবং সীতাকুন্ড) এই জমি নিতে চায় গ্রপটি। এই জন্য আজ সোমবার বেজার সাথে চুক্তি করেছে ম্যাকসন্স গ্রুপের তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- মেট্রো স্পিনিং মিলস লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিলস এবং ম্যাকসন্স স্পিনিং মিলস (ইউনিট -২ )। প্রত্যেক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০ একর করে মোট ৩০ একর জমি লিজ নিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়েছে, ৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে মাধ্যমে একটি স্পিনিং মিল স্থাপন করবে মেট্রো স্পিনিং লিমিটেড। এতে প্রায় ১ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করছে।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি টেক্সটাইল মিল স্থাপন করবে। বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী এতে সৃষ্টি হবে ৮০০ কর্মসংস্থান। মার্সেরাইজড ও আনমার্সেরাইজড ফ্যাব্রিক প্রস্তুত ছাড়াও এতে বিভিন্ন মাত্রার ইয়ার্ন ডাইং করা হবে।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ইউনিট-২ নামে দ্বিতীয় ইউনিট স্থাপন করা হবে ১০ একর জমিতে । প্রায় ৪১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি এবং প্রত্যাশিত কর্মসংস্থান প্রায় ১২০০।  সামগ্রিকভাবে তিনটি শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১১২.৮৯ মিলিয়ন মার্কিন ডলার এবং একই সাথে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে সৃষ্টি হবে ৪০০০ এরও অধিক কর্মসংস্থান। প্রতিষ্ঠানটি উক্ত জমিতে লজিস্টিকস, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনাসহ সকল আধুনিক পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করবে।

বেজার পক্ষে নির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান, মেট্রো স্পিনিংয়ের পক্ষে মোঃ শওকত আলী এবং ম্যাকসন্সের পক্ষে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন চুক্তিসমূহে সই করেন ।

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে। তিনি বলেন, ৫০০ একর আয়তনের গার্মেন্টস ভিলেজ স্থাপনের সকল প্রস্তুতি বেজা সম্পন্ন করেছে।

তিনি উল্লেখ করেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পনগর নির্মিত হচ্ছে এবং এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। শিল্প স্থাপন করেই বেজা ক্ষান্ত নয়, এ বিশাল আয়তনের শিল্প নগরের জন্য খাতভিত্তিক প্রয়োজনীয় দক্ষ মানবশক্তি গড়ে তোলার লক্ষ্যে বেজা বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার সাথে নিয়মিত কাজ করছে। এছাড়াও, জলবায়ুর পরিবর্তনের নিরিখে সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য নীতি নির্ধারণের কাজও চলমান রয়েছে যা শীঘ্রই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের সকল সেবা নিশ্চিত করা হচ্ছে। অনলাইনে ৩২টি সেবা চালু থাকলেও অচিরেই তা ৪০টিতে উন্নীত হবে। তিনি আরও বলেন, করোনা মহামারীর এ দুর্যোগের দিনেও বিনিয়োগকারীরা অনেক আগ্রহ দেখাচ্ছে।

মোহাম্মদ আলী খোকন বলেন, বাংলাদেশে টেক্সটাইল খাতে ম্যাকসন্স গ্রুপ সুনামের সাথে কাজ করে চলেছে এবং রপ্তানী ত্বরান্বিতকরণে তার প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মিরসরাইতে বেজার সুযোগ্য নেতৃত্বের সহায়তায় বিশ্বমানের টেক্সটাইল মিল স্থাপন করে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে উচ্ছুক তার প্রতিষ্ঠান। এছাড়া পরিবেশ বান্ধব শিল্প বিকাশে তিনি কাজ করবেন বলে মত পোষণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩০০০ একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্বমানের সকল সুবিধাদি থাকবে যেমন – বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।