ময়মনসিংহ সিটির উন্নয়নে ১৫শ কোটি টাকার প্রকল্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৭ ১৭:৫৮:১৩


ময়মনসিংহ সিটির বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সরকার কর্তৃক গৃহীত এই উদ্যোগের আওতায় সিটি করপোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগরীর পথে এক ধাপ এগিয়ে যাবে ময়মনসিংহ। একইসঙ্গে সড়ক উন্নয়ন ও প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন করে উন্নততর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যাবে। নর্দমা উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকেও দক্ষ ও কার্যকর করে তোলা হবে।

এসব পদক্ষেপ বাস্তবায়নের জন্য ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক নাগরিক সেবা উন্নতকরণ’ নামের একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৫৭৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, নাগরিক সেবায় সমৃদ্ধ ময়মনসিংহ সিটি করপোরেশন গড়ে তুলতে ভূমিকা রাখবে প্রকল্পটি।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ৩১ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুর্নগঠন করা হয়েছে। এতে করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভাতেই (মঙ্গলবার, ৮ ডিসেম্বর) প্রকল্পটি উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। অনুমোদন পেলে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি করপোরেশন।

সানবিডি/এনজে/৫:৫৮/০৭.১২.২০২০