পোশাক শিল্পে নতুন সহায়তা অত্যন্ত জরুরি: রুবানা হক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৮ ১৭:৪৭:৩৫


দেশের পোশাক শিল্পের জন্য প্রণোদনা প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং নতুন সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। সোমবার অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ড. রুবানা হক বলেন, ‘মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এ বছরের মার্চ-জুলাই পর্যন্ত তৈরি পোশাকের রফতানি কমেছে ৩৪ দশমিক ৭২ শতাংশ। আগস্ট ও সেপ্টেম্বরে রফতানিতে সামান্য প্রবৃদ্ধি হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে তা আবারও হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিই বলে দিচ্ছে পোশাক শিল্পের আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে। এ জন্য এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ পরিস্থিতি মোকাবিলা করা এককভাবে উদ্যোক্তাদের পক্ষে সম্ভব নয়। যদিও ইতোপূর্বে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্পৃক্ততা ও চাপ অব্যাহত রেখে কাজ করছি। তারপরও শিল্পের সুরক্ষায় এই মুহূর্তে নীতি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।’

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, ‘গত বছরের অক্টোবরের তুলনায় এবার একই সময়ে রফতানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। আর নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত হ্রাস পেয়েছে ৬ শতাংশ, যা এই শিল্পের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় প্রণোদনা প্যাকেজের মেয়াদ বৃদ্ধি এবং প্রয়োজনে নতুন সহায়তা প্রদান শিল্পের জন্য অত্যন্ত জরুরি।’ করোনার দ্বিতীয় ঢেউ এই শিল্পের জন্য আশঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে বলেও মনে করেন তিনি।

সানবিডি/এনজে/৫:৪৬/০৮.১২.২০২০