রোহিঙ্গারা কক্সবাজারের চাইতে ভাসানচরে হাজার গুণ ভালো আছেন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৯ ১৯:০০:১৯


২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বাস্ত্যচুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ভাসানচরে কক্সবাজারের চাইতে হাজার গুণ ভালো আছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি বুঝতে পারলে তা অবশ্যই স্বীকার করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ১৩টি আন্তর্জাতিক সহযোগী সংস্থা আমাদের সঙ্গে কাজ করছে। আমাদের ভূমিকা তাদের আশ্বস্ত করবে। ধীরে ধীরে তারা বিষয়টি বুঝতে পারবে। সময়ের সাথে সাথে তারা অবশ্যই স্বীকার করবে রোহিঙ্গারা কক্সবাজারের চেয়ে ভাসানচরে আরো অনেক ভালো আছে।’

হাফিজ আহমেদ মজুমদার বলেন, ‘বর্তমানে রোহিঙ্গারা ভাসানচরে কক্সবাজারের চেয়ে হাজার গুণ ভালো আছেন। ভাসানচর সম্পর্কে যে ধারণাটা প্রচার পেয়েছে, সেটার কারণ হলো অনেকে এখনো ভাসানচরে যায়নি। যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন তারা লাফ দিয়ে যেমন কক্সবাজারে যেতে পারছেন, ঠিক সে রকমভাবে ভাসানচরে যেতে পারছেন না। তাই এমনটা বলছেন। ধীরে ধীরে তারা যেতে পারবেন সে ব্যবস্থা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ঠিক হলে ভাসানচরে আর কোনো সমস্যা থাকবে না।’

আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে  মঙ্গলবার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভাসানচর সরেজমিনে পরিদর্শন করে। পরে তারা বসবাসকারী রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

দেশের দক্ষিণাঞ্চলে দুই দশক আগে জেগে ওঠা দ্বীপ ভাসানচরে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে গত ৪ ডিসেম্বর স্থানান্তর করা হয়। কিন্তু মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচসহ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের এভাবে স্থানান্তর করা উচিত হয়নি বলে মত দিয়েছে।

সানবিডি/এনজে/৬:৫৬/০৯.১২.২০২০