বদলে যাচ্ছে পদ্মা সেতু সংলগ্ন তীরবর্তী অঞ্চল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৯ ১৯:১৩:৫৬


স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে পদ্মার পাড় মাদারীপুরের শিবচরসহ পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে সরকারের গৃহীত নানামুখী উন্নয়ন প্রকল্পের কারণে এখন সমৃদ্ধির হাতছানি। এই প্রকল্পের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, স্বাস্থ্য, খেলাধুলা, আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে। অভ্যন্তরীণ নতুন নতুন হাট বাজার যোগাযোগ ব্যবস্থা শিক্ষা খাত সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগও চোখে পড়ার মতো। বিশেষ করে পদ্মা সেতুকে লক্ষ্য করে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় শিবচর যেন পদ্মা পাড়ের এক আধুনিক জনপদের মডেলে রূপ নিচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মা বহুমুখী সেতুর আর মাত্র একটি স্প্যান বাকি রয়েছে। বহুল কাঙ্খিত সেতুটি বাস্তবায়নকে ঘিরে একসময়ের অবহেলিত পদ্মার পার এখন যেন আলোক ঝলমলে চমকিত এক জনপদ। এই জনপদের ৩ জেলায় দেশের প্রথম ৮ লেনের এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন হয়েছে আরো আগেই। শিবচর অংশের এক্সপ্রেস হাইওয়ের পাশে গড়ে উঠেছে নতুন অন্তত ৮-১০ হাট বাজার। এ পথেই রেল লাইন বিস্তৃত হচ্ছে যশোর পর্যন্ত। শিবচরে ২টি স্টেশন, জাজিরায় ১টি স্টেশনসহ জংশন রয়েছে ভাঙ্গায়। অলিম্পিক ভিলেজ নির্মাণে জায়গা নির্ধারণ করা হয়েছে এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন শিবচর, ভাঙ্গা ও সদরপুরে আড়িয়াল খাঁ তীরবর্তী এলাকায়। এরইমধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইনস্টিটিউটের কার্যক্রম অস্থায়ীভাবে শুরু হয়েছে শিবচরের দত্তপড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে। নির্মাণ প্রক্রীয়াধীন নিজস্ব ক্যাম্পাস।

প্রধানমন্ত্রী ১০৮ একর জায়গায় ১৯০০ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা তাঁত পল্লী, ১৮০ কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্পর ভিত্তিপ্রস্তর করেছেন এখানে। দাদাভাই হাউজিং প্রকল্প নির্মাণ শেষে এ ১ হাজার ৬৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গড়ে উঠছে বহুতল ভবন। শিবচরের দ্বিতীয়খণ্ড উদ্বোধন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। একই উপজেলার বহেরাতলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জায়গা নির্ধারণ করেছে টিটিসি নির্মানের। ৭১নং কেরানীবাটের ৮ একর জায়গায় শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭৯নং বড়দোয়ালীর ৩ একর জায়গায় নির্মিত হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনষ্টিটিউট অ্যান্ড কলেজ, ৮১নং বড় বাহাদুরপুরের ৫.২১ একর জায়গায় নির্মিত হচ্ছে ইনষ্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি। পদ্মার পাড়ের ৭৫ একর জায়গা নির্ধারণ করা হয়েছে শেখ হাসিনা ইনষ্টিটিউট ফর ফন্ট্রিয়ার টেকনোলজি, ৪০০ একর জায়গা নির্ধারণ করা হয়েছে শিবচর ইউনিয়নে বিসিক শিল্প নগরী স্থাপনের। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও সংস্কৃতি কেন্দ্র নির্মাণ প্রক্রীয়া শুরু হয়েছে পৌরসভা ও সংলগ্ন এলাকায়।

সানবিডি/এনজে/৭:১৪/০৯.১২.২০২০