এবছর ১৩১টি প্রতিষ্ঠান পাচ্ছে সেরা ভ্যাট দাতার পুরস্কার
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১০ ১৫:৫৮:৪৮
চলতি ২০২০ বছরে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলাপর্যায়ে ১৩১টি প্রতিষ্ঠান পাচ্ছে সেরা ভ্যাটদাতার পুরস্কার। উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন শ্রেণিতে বাছাই করে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় মূল্যসংযোজন কর (ভ্যাট) দিবস উপলক্ষে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এদিন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ‘সেমিনার ও সেরা ভ্যাটদাতাদের সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে সেরা ভ্যাটদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবার পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে পপুলার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস ও ফেয়ার ইলেকট্রনিকস। ব্যবসায় শ্রেণিতে আছে হ্যামকো করপোরেশন, সিমেন্স ও ইউনিমার্ট। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ ও চিটাগং ওয়্যারহাউজেস।
জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলাপর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে সম্মাননা দেওয়া হচ্ছে।
জেলাপর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা জেলার ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার, থাই এয়ারওয়েজ; গাজীপুরের ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মটরস, হাতিল কমপ্লেক্স। আরও রয়েছে মুন্সীগঞ্জের এসকোয়ার হেভি ইন্ডাস্ট্রিজ; নারায়ণগঞ্জের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স; নরসিংদীর আরএফএল ইলেকট্রনিকস; মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস ও পদ্মা রিভারভিউ।
পাবনায় স্কয়ার টয়লেট্রিজ; চট্টগ্রামের এক্সক্লুসিভ ক্যান, চৌধুরী টি ওয়্যারহাউজ; সিলেটের গ্রিনলাইন পরিবহন। কুমিল্লায় লুবনান ট্রেড কনসোর্টিয়াম ও বনফুল অ্যান্ড কোং।
ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল উজানভাটি অ্যান্ড রিসোর্ট; বরিশালের অলিম্পিক সিমেন্ট; রংপুরের রিচম্যান ও লুবনান; ময়মনসিংহের মুক্তাগাছার মেসার্স গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকান; টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভাণ্ডার।
বগুড়ার এ বি সিরামিকস; নাটোরের বিসমিল্লাহ মটরস; রাজশাহীর সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ; মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন এবং ফেনীর মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ।
সানবিডি/এনজে/৩:৫৬/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














