সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করতে চান সুইস দূত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১০ ১৬:২৮:৫৮
বাংলাদেশ-সুইজারল্যান্ড দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ্।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এমন মন্তব্য করেন রাষ্ট্রদূত নাথালি শিউআখ্।
এসময় ১৯৭২ সালের ২১ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেনেভায় আগমনের একটি ঐতিহাসিক ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত শিউআখ্। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কিছু দিন পর বাংলাদেশের জাতির জনক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সুইস সরকারের আতিথেয়তায় জেনেভা সফর করেন।
ঢাকার সুইস মিশন জানিয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল।
রাষ্ট্রদূত শিউআখ্ জানান, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ প্রায় পাঁচ দশক ধরে গভীর এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রেখে চলেছে। উভয় দেশ বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত অনুসন্ধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সানবিডি/এনজে/৪:২৮/১০.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














