কর্ণফুলী টানেলের ৬১ ভাগ কাজ সম্পন্ন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১২ ১৬:৪০:০৪


চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার  (১২ ডিসেম্বর) তিনি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের দ্বিতীয় টিউবের খনন কাজ উদ্বোধন করেন। তিনি জানান, ১০ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে এ টানেলের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এ সময় মন্ত্রী মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মতো ‘ওয়ান সিটি টু টাউন’ মডেল গড়ে উঠবে। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

চট্টগ্রাম প্রান্তে এসময় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নৌবাহিনীর সদস্যগণ ও জনপ্রতিনিধিরা।

সানবিডি/এনজে/৪:৪০/১২.১২.২০২০