দেশের অ্যাগ্রো প্রোসেসিং খাতে স্পেনের প্রতি বিনিয়োগের আহবান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৩ ১৮:০৬:০১


বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় অ্যাগ্রো প্রোসেসিং শিল্পে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, স্পেনের বিনিয়োগকারীরা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন। সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। বিনিয়োগের ক্ষেত্রে সব আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে।

আজ রোববার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিটেজ সালাসের সঙ্গে মতবিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে চীন, কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। চীন, ভারতসহ এ অঞ্চল পণ্যের একটি বড় বাজার। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ যুব জনশক্তি রয়েছে। সবদিক বিবেচনায় বাংলাদেশ এখন বিনিয়োগের চমৎকার স্থান।’

স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিটেজ সালাস বলেন, ‘স্পেন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাণিজ্যিক দিক থেকেও স্পেন বাংলাদেশকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশে চলমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে স্পেন খুশি। বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে স্পেনে। আগামীতে আরও বেশি পরিমানে তৈরি পোশাক স্পেন বাংলাদেশ থেকে আমদানি করবে, বাণিজ্যের পরিধিও বাড়বে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছে, এতে স্পেন খুশি। এলডিসি গ্রাজুয়েশনের পরও স্পেন বাংলাদেশকে সহযোতিা অব্যাহত রাখবে।’

তিনি বলেন, বাংলাদেশের অ্যাগ্রো প্রোসেসিং সেক্টরে বিনিয়োগের বিষয়টি পরীক্ষা করে দেখবে স্পেন।’

সানবিডি/এনজে/৬:০৭/১৩.১২.২০২০