হাসিনা-মোদি বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষরিত হবে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৫ ১৮:২৭:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভার্চুয়ালি বৈঠকে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এগুলো হচ্ছে—হাতি সংরক্ষণ, বরিশালে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ও জ্বালানি সহযোগিতা (হাইড্রোকার্বন)। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে স্ব স্ব মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী চুক্তিগুলো সই করবেন।
এ বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় দেড় ঘণ্টার বৈঠক বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
বৈঠকের শুরুতে ভারতের পোস্টাল বিভাগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ওপর স্ট্যাম্প উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল মিউজিয়ামের ওপর একটি প্রমো প্রদর্শন করা হবে। এছাড়া ৫৫ বছর পরে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন সংযোগ একটি ট্রেন ফ্ল্যাগ অফের মাধ্যমে পুনরায় চালু হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে রয়েছে ইনফরমেশন টেকনোলজি, স্পেস, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সসহ অন্যান্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়।’
সানবিডি/এনজে/৬:২৩/১৫.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














