আজ মুক্তি ও বিজয়ের দিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৬ ১০:০৪:৪১
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। হাজার বছরে বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দিনেই বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব মানচিত্র আর চির গৌরবের পতাকা।
একাত্তরের এই দিন বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে সগৌরবে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর মাত্র কয়েকদিন পর বাঙালির স্বাধীনতা অর্জন ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের বছর শুরু হচ্ছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ চলাকালেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মিলনে জাতি প্রবেশ করছে অনন্য এক অধ্যায়ে।
আজকের দিনে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে জাতি। ভাসবে বিজয় আনন্দে। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত উদযাপিত হবে বিজয়ের উৎসব।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেছেন অগনিত মুক্তিযোদ্ধা, জাতির সূর্য সন্তানদের। ত্রিশ লাখ শহীদ; যাদের রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল, তাদের কথা।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস মেসেজের মাধ্যমে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন।
বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাণী দিয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














