গৌরবময় বিজয়ের ৪৯ বছর
দেশে দারিদ্র কমেছে ৬০%
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৬ ২০:৪৪:০৬
১৯৭১ এ পশ্চিম পাকিস্তানের রোষানল থেকে মুক্তির লক্ষ্যে দীর্ঘ ৯ মাসের ভয়াবহ এক রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল বাঙালি জাতি। বিগত ১৯৪৭ সালে ভারত ভাগের পর দুই যুগ পশ্চিম পাকিস্তানিদের হাতে শোষিত হতে হয়েছিল এই জাতিকে। তাদের শাসনামলে প্রতিনিয়ত অর্থনৈতিক বৈষম্যের স্বীকার হতে হয়েছে বাংলাদেশকে। আর সে কারণেই ওই সময়েও ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলেও একাত্তরে স্বাধীনতার সময় দেশে দারিদ্র্যের হার ছিল ৮০ শতাংশের বেশি। স্বাধীনতার ৪৯ বছর পর এসে সেই দারিদ্র্যের হার নেমে এসেছে ২০ শতাংশে। অর্থাৎ স্বাধীনতার পরের প্রায় পাঁচ দশক সময়ে দেশে দারিদ্র্য কমেছে ৬০ শতাংশেরও বেশি।
বাংলাদেশের দারিদ্র নিরসনের এই সাফল্যকে অনুকরণীয় ও প্রশংসনীয় বলে উল্লেখ করে আসছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল— এমন আখ্যাও দিয়েছে বিশ্বব্যাংক। আর দেশের অর্থনীতিবিদরা বলছেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসনীয় ভূমিকা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তবে এই পরিস্থিতির আরও উত্তরণ ঘটাতে হবে।
এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, ১৯৭১ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৮০ শতাংশের বেশি। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৮২ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরো কিংবা অর্থনীতিবিদদের কেউই ১৯৭১ সালের দারিদ্র্যের হারের প্রকৃত তথ্য জানাতে পারেননি। বেশিরভাগ অর্থনীতিবিদই বলছেন, স্বাধীনতা কিংবা এর পরবর্তী সময়ে দেশের দারিদ্র্যের হার ছিল ৮০ শতাংশের বেশি। কারও কারও মতে এই সংখ্যাটি ৭০ শতাংশের কিছু বেশি। তবে বর্তমানে জাতীয়ভাবে যেমন দারিদ্র্যের হারের তথ্য প্রকাশ করা হয়, ওই সময় সেটি করা হতো না। তখন গ্রামাঞ্চল ও শহর এলাকার দারিদ্র্য নিয়ে আলাদাভাবে তথ্য প্রকাশ করা হতো।
সানবিডি/এনজে/৮:৪৩/১৬.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














