প্রণোদনা পাওয়া কারখানার ২১ হাজার শ্রমিক ছাঁটাই: টিআইবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৭ ১৫:৫৭:৪৯
মহামারি করোনাকালীন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাওয়া বিভিন্ন কারখানা থেকেও ২১ হাজার পোশাক শ্রমিক চাকরি হারিয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ‘তৈরি পোশাক খাতে করোনাভাইরাস উদ্ভূত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এই তথ্য তুলে ধরা হয়। সংস্থাটি বলছে, সার্বিকভাবে সেপ্টেম্বর পর্যন্ত তৈরি পোশাক খাতে প্রায় ৬০-৬৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়। এছাড়া অর্ডার বাতিল করার অজুহাতে কারখানা বন্ধ ঘোষণা করে অধিকাংশ ক্ষেত্রে এসব কারখানা শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি।
এ বিষয়ে টিআইবি জানায়, প্রাথমিক পর্যায়ে একত্রে বহুসংখ্যক শ্রমিক ছাঁটাই করা হলেও পরে অল্প সংখ্যক করে নিয়মিতভাবে শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য মতে, সেপ্টেম্বর পর্যন্ত তৈরি পোশাক খাতে প্রায় ৬০-৬৫ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়। প্রণোদনা পাওয়ার পরও বিজিএমইএ’র সভাপতি কর্তৃক বিপুলসংখ্যক শ্রমিক ছাঁটাই করার বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করা হয়, যা একদিকে যেমন এ খাতে শ্রমিকদের ভিতর আতঙ্ক সৃষ্টি করে; অপরদিকে মালিকদের শ্রমিক ছাঁটাইয়ে উৎসাহিত করে।
সানবিডি/এনজে/৩:৫৭/১৭.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














