দেশে বিপিএমসির স্মার্ট প্রিপেইড মিটার তৈরির কাজ শুরু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৯ ১৮:০৫:৩৮
এখন থেকে দেশে স্মার্ট প্রিপেইড মিটার তৈরির কাজ শুরু করলো বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিএমসি)। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি আরপিসিএল এবং চীনের সেনজেন স্টার কোম্পানি যৌথভাবে এ কাজ করবে। কোম্পানিতে আরপিসিএল-এর ৫১ ভাগ এবং সেনজেন স্টারের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। সব প্রক্রিয়া শেষে ১০ ডিসেম্বর থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) জুমে আয়োজিত অনুষ্ঠানে বিপিএমসি-এর স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মন্ত্রিসভায় বিপিএমসি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এটা শুধু মিটার বানাবে না। অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ বানাবে। আমরা ইতোমধ্যে সরকারিভাবে দুটি সংযোজন কারখানা স্থাপন করেছি। আমরা কখনও মানের সঙ্গে আপস করবো না। এছাড়া আমরা মনে করি প্রতিযোগিতামূলক দরে মিটার ক্রয়ের ব্যবস্থা রাখছি।’
এর আগে গত জানুয়ারিতে চীনের আরেক কোম্পানির সঙ্গে যৌথভাবে দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকো দেশে প্রিপেড মিটারের উৎপাদন শুরু করে। দেশের মোট গ্রাহক তিন কোটির পরে। তবে এই দুই ফ্যাক্টরির সংযোজন ক্ষমতার বাইরেও দেশে অন্য গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার আমদানিই করতে হবে।
সানবিডি/এনজে/৬:০৪/১৯.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














