ভোমরা স্থলবন্দরে ৬৭২ কোটি টাকার পণ্য রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২০ ১৫:০৮:০৮
সাতক্ষীরা জেলায় অবস্থিত ভোমরা স্থলবন্দর দিয়ে গত পাঁচ মাসে ৬৭২ কোটি টাকা মূল্যের ৮৬ হাজার টন বাংলাদেশী পণ্য ভারতে রফতানি হয়েছে। তবে গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২৫ শতাংশের মতো রফতানি কমেছে।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বন্দর দিয়ে ৮৬ হাজার ১৫৭ দশমিক ৪২০ টন বিভিন্ন প্রকার পণ্য রফতানি হয়েছে। যা থেকে রফতানি আয় এসেছে ৬৭২ কোটি ৯০ লাখ ২১ হাজার ৩৫১ টাকা।
এ সময়ে ভারতের বাজারে রফতানি হওয়া পণ্যের মধ্যে রাইস ব্র্যান অয়েল, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, গার্মেন্টস বর্জ্য, নারকেল শলা, মধু, প্রাণের জুস, লিচু ড্রিংকস, প্রাণের চানাচুর ও চিপচ অন্যতম।
বন্দর সূত্রে জানা গেছে, গত ২০১৯-২০ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে এ বন্দর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৬ দশমিক ৯৭২ টন, যা থেকে রফতানি আয় আসে ৬৭৭ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ৯০৮ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানির পরিমাণ কমেছে ৩৩ হাজার ৬৭৯ দশমিক ৫৫ টন। আর রফতানি আয় কমেছে ৪ কোটি ৭৫ লাখ ২১ হাজার ৫৫৭ টাকা।
সানবিডি/এনজে/৩:০৮/১২/২০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














