যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২১ ১৪:২৭:১৭


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে যুক্তরাজ্যের সঙ্গে একের পর এক বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে কানাডা। আগামী ৭২ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কানাডার স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যে নতুন প্রজাতির প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্তের খবর সামনে আসতেই বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর কানাডাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। এর পরেই একই পথে হাঁটতে দেখা গেছে বেলজিয়াম, ইতালি, জার্মানি ও ফ্রান্সকে। তারাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। রোববার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। সড়ক, সমুদ্র , রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রিয়াও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অপরদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান। সুইডেন জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।

রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রও যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পণা ঘোষণা করেছে।

সানবিডি/এনজে/২:২৭/২১.১২.২০২০