৯০ হাজার কোটি ডলার প্রণোদনা দিল যুক্তরাষ্ট্র

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২২ ২০:০৭:৩৩


মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় ৯০ হাজার কোটি মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ অনুমোদন দিয়েছে কংগ্রেস। খবর বিবিসি।

সোমবার রাতে কয়েক মাসের রাজনৈতিক বিবাদের পর এ সংক্রান্ত বিলটি সিনেটে পাস হয়। কংগ্রেসের উচ্চকক্ষে পাস হওয়ার কয়েক ঘণ্টা আগে বিলটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হয়।

বিবিসি জানিয়েছে, প্রণোদনা প্যাকেজের বিলটি প্রতিনিধি পরিষদে ৩৫৯-৫৩ ভোটে গৃহীত হয়। সিনেটে পাস হয় ৯২-৬ ভোটে।

ঘোষিত এই নতুন  প্রণোদনা প্যাকেজে অসংখ্য মার্কিনিকে এককালীন অর্থ দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী এবং বেকারদের জন্যও বরাদ্দ রাখা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এ বিলে সই করে আইনে পরিণত করবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এ সহায়তা প্যাকেজকে স্বাগত জানিয়েছেন।

সানবিডি/এনজে/৮:০৭/২২.১২.২০২০