২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাস
২৫ হাজার ৮৬৭ কোটি টাকা রাজস্ব ঘাটতি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৪ ০৯:০৯:৫৬
চলমান ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আহরণ হয়েছে ৮৭ হাজার ৯২ কোটি ৭১ লাখ টাকা। রাজস্ব আহরণের এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৯ শতাংশ বা ২ হাজার ৬৮৮ কোটি টাকা বেশি। তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় আহরণ হয়েছে ২৩ শতাংশ কম। ফলে এ সময়ে ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৬৭ কোটি ১২ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে এনবিআরের রাজস্ব আহরণের বিবরণী (সাময়িক) প্রতিবেদনের তথ্যমতে, চলতি ২০২০-২১ অর্থবছর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে নভেম্বর পর্যন্ত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর পর্যন্ত আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি টাকা, স্থানীয় পর্যায়ে মূসক ৩৩ হাজার ৪৪৬ কোটি এবং আয়কর ও ভ্রমণ কর ২৫ হাজার ৯৩৩ কোটি টাকা। সব মিলিয়ে লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।
গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্বে, প্রায় ৬ দশমিক ২৪ শতাংশ। সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূসক আদায়ে, শূন্য দশমিক ৩ শতাংশ। এছাড়া আয়কর ও ভ্রমণ কর আদায়ে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।
সানবিডি/এনজে/৯:০৮/২৪.১২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














