হাজার কোটি টাকার ফিড বাজারে রফতানি শুরু বাংলাদেশের

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৫ ০৮:৫০:৪০


নেপাল,ভুটান ও সেভেন সিস্টার্স ‍নামে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে পোল্ট্রি,মৎস্য ও পশুখাদ্যের (ফিড) হাজার কোটি টাকার রফতানির বাজার।এই বাজার দখলে নিতে চাইছেন বাংলাদেশী উদ্যোক্তারা। এরই মধ্যে ভারত ও নেপালে স্বল্প পরিসরে রফতানি শুরু হয়েছে। নতুন চুক্তির কারণে সম্ভাবনা তৈরি হয়েছে ভুটানেও।

তথ্যানুয়ায়ী, নেপাল,ভুটান ও সেভেন সিস্টার্সে ফিডের মোট চাহিদা রয়েছে আড়াই-তিন লাখ টন। এরই মধ্যে বাংলাদেশী দুটি প্রতিষ্ঠান ভারতে প্রায় ৪০০ টন ফিড রফতানি করেছে। শিগগিরই প্রায় ৫০০ টন রফতানি করতে যাচ্ছে আরো দুটি প্রতিষ্ঠান। নেপালেও রফতানি হয়েছে সামান্য পরিমাণে। অন্যদিকে ভুটানের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্ভাবনার যে দুয়ার খুলে দিয়েছে, একইভাবে নেপালেও বাংলাদেশী ফিডের বাজার সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলমান ২০২০ বছরের শুরুতেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রথম চালানে প্রায় ১০০ টন পোলট্রি ফিড রফতানির মাধ্যমে পণ্যটির আন্তর্জাতিক বাণিজ্যে যাত্রা করে ফিড বাজারজাতকারী প্রতিষ্ঠান প্যারাগন। প্রতিষ্ঠানটি নেপালের বাজারেও কিছু পরিমাণে ফিড রফতানি করেছে। অন্যদিকে ভারতে ফিড রফতানির প্রক্রিয়া শুরু করেছে কোয়ালিটি ফিড ও নারিশ। করোনার কারণে এতদিন রফতানির বাজার বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আফতাব বহুমুখী ফিড কোম্পানি নামে আরেকটি প্রতিষ্ঠান প্রায় ৩৫০ টন মত্স্যখাদ্য রফতানির প্রক্রিয়া সম্পন্ন করেছে। করোনায় থমকে যাওয়া বাজারে এখন আবার গতিশীল হয়ে উঠতে চাইছে প্রতিষ্ঠানগুলো।

সানবিডি/এনজে/৮:৪৯/২৫.১২.২০২০